
মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কখনো পুলিশকে মেরে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে, কখনো সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপে গ্রেপ্তার এড়াতে পারলেও শেষমেশ হাজতে যেতেই হল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে আত্মসমর্পণপূর্বক জামিন নিতে এলে আদালত তার আবেদন বাতিল করেছেন।
চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহীদুল ইসলাম তার জামিন আবেদন বাতিল করে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
এ ব্যাপারে তথ্যদাতা আইনজীবী অ্যাডভোকেট আরিফুর রহমান জানান, একটি মামলায় ওয়াকিল হোসেন বগা আদালতে আত্মসমর্পণের আবেদন জানিয়েছেন। আদালত তার আবেদন বাতিল করে হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়।
গত ৪ সেপ্টেম্বর এ মামলায় বগাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বগার বাহিনীর হামলায় খুলশী থানার ওসি আবদুর রহমানসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, হামলার একপর্যায়ে ওয়াকিল হোসেন তার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান।
এরপর গত ১৩ সেপ্টেম্বর তার বাবাকে দিয়ে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন বগা।
জানা যায়, দ্বিতীয় দফায় সন্ত্রাসী বগাকে ধরতে গত ৬ অক্টোবর রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। বগা নগর ভবনে অবস্থান করছেন-এমন খবর পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়েছিল। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে মেয়রের কার্যালয়ে অবস্থান করা বগা আর বের হননি। পরে অভিযোগ ওঠে, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপে পার পেয়ে যায় বগা। প্রায় এক ঘণ্টা চসিক কার্যালয়ে অবস্থানের পর রাত ৯টার দিকে বগাকে গ্রেফতার না করেই নগর ভবন ছেড়ে যায় পুলিশ।
ওইদ রাতে বগার অবস্থান সম্পর্কে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে মেয়র শাহাদাতকে প্রশ্ন করলে তার অনুসারীরা তাদের ধাক্কা দেন এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেন বলেও অভিযোগ ওঠে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
তবে এবার আর ওয়াকিল হোসেন বগাকে রক্ষা করা যায়নি। থানার শক্তিতে তাকে গ্রেপ্তার করা না গেলেও আদালতের আদেশে বগাকে কারাগারে যেতেই হল
প্রতিবেদকের নাম 



















