
জাহাঙ্গীর আলম প্রতিনিধি মির্জাপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৮ সেপ্টেম্বর) সোমবার উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল ইসলাম আজগানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (চিতেশ্বরী) যুবলীগের সভাপতি বলে জানা গেছে। শফিকুল ইসলাম চিতেশ্বরী গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়।
এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হিমেলের মায়ের করা মামলার তদন্তে যুবলীগ নেতা শফিকুলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















