
নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। উপ-সচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আজ ১২ আগস্ট থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে। এর আগে ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু শপিংমল, মার্কেট ও দোকান নয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও এ সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজনও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 
























