
বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে থানচি উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজারের সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। তাই সড়কটি পুনরায় সংস্কার না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল বলেন, তিন্দু বাজারের সংযোগ সড়কটি এখনো পুরোপুরি মেরামত করা হয়নি। সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তিনি বলেন, এছাড়া, পর্যটকরা আলীকদম হয়ে থানচি তিন্দুতে পৌঁছালে তাদের সম্পর্কে স্থানীয় প্রশাসনের কাছে তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। এর আগে, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে চকরিয়া খুটাখালির এলাকার দুই যুবক নিহত হয়েছিল। একই সঙ্গে আহত হয়েছিল আরও ৫ জন।
প্রতিবেদকের নাম 



















