
মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির মাঠকর্মী ও সুপারভাইজার নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখা। আজ সোমবার (২৪ আগস্ট) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাত হোসাইন বলেন, গত ২০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ, মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় সুপারিশের ভিত্তিতে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপিপন্থী ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নিয়োগ দেওয়া হয়েছে এবং জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি কার্যক্রম। রাষ্ট্রের অর্থে পরিচালিত যেকোনো কর্মসূচিতে দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার রয়েছে। তাই নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে যোগ্য ও মেধাবীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান বলেন, সরকার পরিচালিত উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয়। এসব কার্যক্রমে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মনীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কিন্তু ফ্যামিলি কার্ড শুমারির মাঠকর্মী ও সুপারভাইজার নিয়োগে দলীয় সুপারিশকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগেও রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। তার দাবি, যারা নিয়মিত নামাজ পড়েন না, মসজিদের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা ধূমপান করেন—এমন ব্যক্তিদেরও বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন ও খাদেম হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে, অথচ যোগ্য ও প্রকৃত প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে। এ সময় রামচন্দ্রপুর এলাকার একটি মসজিদে জুমার নামাজে দুটি জামাত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ওই মসজিদে দলীয় মতাদর্শকে কেন্দ্র করে বিভাজন তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ইমাম-মুয়াজ্জিন হওয়ার জন্য চেষ্টা করছেন বলে তাদের অভিযোগ।
সংবাদ সম্মেলনে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দের বক্তব্যে দাবি করা হয়, রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি কর্মসূচিতে জনগণের সমান অধিকার রয়েছে। তাই ভবিষ্যতে যেকোনো নিয়োগ, সরকারি সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতা, ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবেদকের নাম 


















