
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দেশ ট্রাভেলস ও তাবাসসুম পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই মিঠুন নামের ওই যুবক মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ হাসান জানান, বিকেল ৫টার পর দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য এবং আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।
প্রতিবেদকের নাম 




















