
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো. জসিউর রহমান লুকনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে কথিত চাঁদাবাজির শিকার ভুক্তভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও ব্যাটারিচালিত ইজিবাইক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কাঠুরী গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়া ও মতিন মিয়া, রাথুরা গ্রামের মো. দেলোয়ার হোসেন মায়া, রসুলপুর-গয়হাটা গ্রামের মো. মোনায়েম, পাকুটিয়ার ইমরান খান ও বারাপুষা গ্রামের সোহেল রানা।
মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সাবেক চালক মেনায়েম অভিযোগ করেন, সাংবাদিক লুকন সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছেন। তার ভাষ্য, “তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি নাগরপুর ছাড়তে বাধ্য হয়েছি।”
আরেক ভুক্তভোগী জুয়েল মিয়া অভিযোগ করে বলেন, “সাংবাদিক লুকন ফোন করে বলেন, মাটির ব্যবসা করতে হলে তাকে ২০ হাজার টাকা দিতে হবে। পরে ভয়ে আমি তাকে ১০ হাজার টাকা দিই। এরপর বাকি ১০ হাজার টাকার জন্য তিনি অনবরত ফোন করতে থাকেন। তার চাহিদা মেটাতে গেলে আমার সংসার কীভাবে চলবে? আমি এর বিচার চাই।
সিএনজি অটোরিকশাচালক ইব্রাহিম অভিযোগ করে বলেন, “আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের মতো জনপ্রিয় গণমাধ্যমে লুকনের মতো চাঁদাবাজ সাংবাদিক কীভাবে সুযোগ পেলেন, সেটাই আমার প্রশ্ন। তার অত্যাচারে রাস্তায় গাড়ি বের করতে পারি না। গাড়ি বের করলেই তাকে টাকা দিতে হয়।”
রাথুরা বাজারের কসমেটিক ব্যবসায়ী দেলোয়ার হোসেন মায়া অভিযোগ করেন, সাংবাদিক লুকন তাকে ফোন করে নাগরপুর তালতলায় ডেকে নিয়ে অবৈধ ব্যবসার অভিযোগ করেন। তিনি অবৈধ কোনো ব্যবসা করেন না জানালে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে তিনি পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হন বলে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক মো. জসিউর রহমান লুকনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে সাংবাদিক মো. জসিউর রহমান লুকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
প্রতিবেদকের নাম 



















