
এসকে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি
অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং বহিরাগত লোকজন দিয়ে সরকারি দাপ্তরিক কাজ পরিচালনার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় দেখা যায়, সরকারি দাপ্তরিক কাজ কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বহিরাগত ব্যক্তি বা দালালদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্ব পালনে চরম অবহেলা এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দিয়ে হয়রানির প্রাথমিক প্রমাণও পাওয়া যায়। অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে আমরা ভূমি অফিস পরিদর্শনে যাই। কাশিমপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই কাজের উপযুক্ত নন। সরকারি নিয়ম মেনে কোনো কাজই সেখানে হচ্ছিল না।
তিনি আরও বলেন, “সেবাগ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাগজপত্র ও নামজারির সফটওয়্যার দেখতে চাইলে সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক জবাব বা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি। দাপ্তরিক কাজে এমন চরম অবহেলা ও অনিয়মের কারণেই তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদকের নাম 



















