
বিশেষ প্রতিনিধি: মোঃ ইকবাল হোসেন: রাজধানীর দক্ষিণখান এলাকার সুরুজ্জামান মহিলা কলেজ রোডের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলমান খোঁড়াখুঁড়ি ও অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা এখন জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, রাস্তার মাঝখানে গভীর খোলা গর্ত এবং অস্থায়ীভাবে বাঁশ দিয়ে তৈরি সংকীর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারীরা। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমরা আতঙ্কে থাকি। একটু অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। জলাবদ্ধতা ও কাদা জমে রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়তে পারে, যা জনজীবনে চরম ভোগান্তি ডেকে আনবে। এ অবস্থায় দ্রুত সংস্কার কাজ সম্পন্ন না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করে এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে।
প্রতিবেদকের নাম 



















