
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রাজধানীর ডেমরা এলাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ফার্মের মোড় থেকে শুরু করে ডগাইর মেইন রোড, গ্যাস রোড, রহমতপুর, আদর্শ বাগ ও মোমেন বাগের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বেশ কিছু ম্যানহোল ঢাকনাবিহীন অবস্থায় ছিল। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ম্যানহোলগুলোর কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছিলেন পথচারী ও যানবাহন চালকেরা।
এলাকাবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন সামসুল হক খান স্কুলের সাবেক শিক্ষক মো: বিল্লাল হোসেন। তিনি নিজে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নতুন ম্যানহোলের ঢাকনা স্থাপনের কাজ সম্পন্ন করেন।
আজ ০৮/০৬/২০২৬ ইং ডগাইর মেইন রোডসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ড্রিল মেশিন দিয়ে রাস্তা কেটে স্থায়ী ও মজবুতভাবে এই ঢাকনাগুলো বসানোর কাজ চলতে দেখা যায়।
এই সমাজকল্যাণমূলক কাজের বিষয়ে জানতে চাইলে মো: বিল্লাল হোসেন বলেন, “এলাকার এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই ম্যানহোলগুলো অরক্ষিত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। নাগরিক দায়িত্ব বোধ থেকেই আমি নিজে উপস্থিত থেকে এই কাজটির উদ্যোগ নিয়েছি।” তিনি আরও বলেন, “ভবিষ্যতেও যেন নিজেকে এমন বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রাখতে পারি, সেজন্য আমি সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
শিক্ষক বিল্লাল হোসেনের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা মনে করছেন, সমাজের প্রত্যেকে যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে এলাকার অনেক সমস্যারই দ্রুত সমাধান সম্ভব।
প্রতিবেদকের নাম 























