
মোঃ রাসেল, বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের মহোৎসবে ধসে পড়ছে সড়কের ভিত্তি। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝটকি বন্যা পাড়া এলাকায় সড়কের পাশের একটি গাইড ওয়াল ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের অনবরত বালু উত্তোলনের কারণেই ভিত্তি দুর্বল হয়ে এই ধসের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ২০২০ সালের দিকে নির্মিত এই গাইড ওয়ালটি দীর্ঘস্থায়ী হওয়ার কথা থাকলেও মাত্র কয়েক বছরেই তা ধ্বংসের মুখে পড়েছে। গাইড ওয়ালের পাশ দিয়ে বয়ে চলা ঝিরি থেকে প্রতিবছর নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু তোলা হচ্ছে। ফলে মাটির নিচের স্তর সরে গিয়ে গাইড ওয়ালটি ভেঙে পড়েছে এবং ধীরে ধীরে মূল সড়কের অংশও ক্ষয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে লোকদেখানো অভিযান চালানো হলেও রহস্যজনক কারণে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয় না। বরং প্রভাবশালীদের ছত্রছায়ায় এই কার্যক্রম এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “সরই ইউনিয়নে ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি সম্পদ ও রাস্তা রক্ষায় প্রশাসন কোনোভাবেই আপস করবে না। আমরা ইতিমধ্যে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং অনেক ক্ষেত্রে জেল-জরিমানাও প্রদান করা হচ্ছে। যেখানেই গাইড ওয়াল বা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। দ্রুতই সেখানে টাস্কফোর্স পাঠিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্ত গাইড ওয়াল ও সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে বালু উত্তোলন বন্ধ না হলে নতুন করে সংস্কার করলেও তা টিকবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, শুধু অভিযান নয়, স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ করে দ্রুত গাইড ওয়াল পুনঃনির্মাণ করা হোক। অন্যথায় পুরো এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা চরম হুমকির মুকখে পড়বে।
প্রতিবেদকের নাম 



















