
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের সড়ক পরিবহন খাতে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের রুটে কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর অনুমোদন দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পর্যালোচনা করে একটি প্রস্তাবনা জমা দেয়। ওই প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর শেষ পর্যন্ত কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে, যা গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। এ ছাড়া কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন প্রতি লিটার ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের এই উল্লম্ফনের পরই পরিবহন খাতে ভাড়া পুনর্নির্ধারণের আলোচনা শুরু হয়।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর ফলে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। ওই সময়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের প্রতি কিলোমিটার ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ২ টাকা ৪২ পয়সা। অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারিত ছিল ২ টাকা ২৩ পয়সা।
মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের বর্তমান ভাড়ার সঙ্গে ১৭ পয়সা যুক্ত হয়ে নতুন তালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পর এই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 



















