
মিজানুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হালি হাওরের বেড়ীবাঁধ পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয় সুনামগঞ্জ জেলা জামায়াতের অফিস সম্পাদক ও আসন্ন জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, সেক্রেটারি আবু নাবিল, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ হাওর এলাকার বাঁধের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং বলেন, ভাটি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্ব অনেকাংশেই হাওরের ফসলের ওপর নির্ভরশীল। বিশেষ করে আগাম বন্যার ঝুঁকি থেকে বোরো ফসল রক্ষায় টেকসই ও মজবুত বেড়ীবাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি।
তারা সংশ্লিষ্ট পিআইসি কমিটি ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাঁধ নির্মাণের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি এর মান ও অগ্রগতি নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদার করতে হবে। দায়িত্বপ্রাপ্তদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বানও জানান তারা। নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না; এ ধরনের পরিস্থিতিতে হাওর অঞ্চলের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হবে। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং হাওরবাসীর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
প্রতিবেদকের নাম 

















