
ঝালকাঠি জেলা প্রতিনিধি: রুহুল আমিন
চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগের ভিত্তিতে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার দিন আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে ৫ মাসের কারাদণ্ড এবং ১২ লাখ টাকা জরিমানা করেছেন।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা চেক ডিজঅনার মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।
প্রতিবেদকের নাম 



















