
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘুরিয়া ইউনিয়নের পাইনা নয়াগাঁও এলাকায় ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ মানুষের জমিতে জোরপূর্বক বালু ভরাট, প্রতিবাদী জমির মালিক ও এলাকাবাসীর ওপর ধারাবাহিক হয়রানি এবং মিথ্যা চাঁদাবাজি মামলা দেওয়ার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬ আজ বৃহস্পতিবার ভুক্তভোগী জমির মালিক ও পাইনা নয়াগাঁও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সরেজমিন দেখা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। মিছিলে ব্যবহূত ব্যানারে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয় আন্দোলনের মূল দাবি— “কেরানীগঞ্জে সরকার ডিজিটাল সিটি হাউজিং কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর করে জমিতে বালু ভরাট ও বাধা প্রদান করলেই হয়রানি ও চাঁদাবাজির মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।” এতে আরও উল্লেখ করা হয় যে, এ কর্মসূচির মূল আয়োজক ছিল “ভুক্তভোগী জমির মালিক ও পাইনা নয়াগাঁও এলাকাবাসী, কেরানীগঞ্জ।”
স্থানীয়দের গুরুতর অভিযোগ
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। আইনকে তোয়াক্কা না করে তারা জোরপূর্বক বিভিন্ন জমিতে বালু ভরাট করছে। জমির প্রকৃত মালিকরা তাদের নিজস্ব সম্পত্তিতে এই অনৈতিক ও বেআইনি ভরাটে বাধা দিলেই হাউজিং কোম্পানির নিয়োজিত চক্র তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। শুধু তাই নয়, প্রতিবাদী কণ্ঠস্বর স্তব্ধ করতে মালিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে চরম হয়রানি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে তেঘুরিয়া এলাকার সাধারণ জমির মালিক ও বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা:
এহেন অবৈধ দখলদারিত্ব, জবরদস্তিমূলক বালু ভরাট এবং নিরীহ মানুষের হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দেওয়ার অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ভুক্তভোগীরা।
প্রতিবেদকের নাম 


















