
লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। যুবকের মৃত্যু হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
সোমবার (১জুন) ভোরে উপজেলার গণখকালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। গায়ে কোনো পোশাক ছিল না। এ কারণে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, শেষ রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। আবার কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে শরীরে পোশাক না থাকা এবং পরিচয় শনাক্ত না হওয়ায় মৃত্যুর ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবে। পরিচয় শনাক্ত করা গেলে তার বাসস্থান, যাতায়াতের উদ্দেশ্য এবং মৃত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।
এ ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদকের নাম 



















