
আহমেদ আক্তার রানা কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট ও জনদুর্ভোগ কমাতে পরিচালিত মোবাইল কোর্টে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ, একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের দায়ে ৭টি সিএনজি জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। একই সময়ে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “বাজারের সড়কে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের ভাষ্য, কুলাউড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথের পাশে সিএনজি অটোরিকশা এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারীদের চলাচল ও অন্যান্য যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়।
স্থানীয়রা বলছেন, অবৈধ পার্কিং বন্ধে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি সিএনজি অটোরিকশার জন্য নির্দিষ্ট পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ করা প্রয়োজন। এতে একদিকে যেমন বাজারের যানজট কমবে, অন্যদিকে সড়কে ফিরবে শৃঙ্খলা।
কুলাউড়া বাজারের যানজট ও জনদুর্ভোগ কমাতে প্রশাসনের এই অভিযানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, অভিযান শুধু সাময়িকভাবে নয়, নিয়মিতভাবে অব্যাহত রেখে বাজারের সড়কে অবৈধ পার্কিংয়ের প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে।
প্রতিবেদকের নাম 



















