
আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি গুদাম থেকে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় এসব চাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, একটি পরিবহনের মাধ্যমে পাঠানো ৮০০ বস্তা চালের মধ্যে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১১৭ বস্তা চালের সন্ধান পাওয়া যায়নি। আশুগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন বলেন, “৮০০ বস্তা চালের মধ্যে আমরা ৬৮৩ বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে ১১৭ বস্তা চাল কম রয়েছে।”
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, আশুগঞ্জ থানার মামলা নং-২৭(৯), ২০০৬ ইং, দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৩৮১ ও ৪৪০ ধারায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কুলাউলা থানা পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ উপজেলার ঢুলিপাড়া (রসুলপুর বাজার) এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে ৬৮৩ বস্তা চাল উদ্ধার করে। উদ্ধার করা চাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় নিখোঁজ ১১৭ বস্তা চালের বিষয়ে তদন্ত চলছে।
প্রতিবেদকের নাম 









