
নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। কিন্তু যাত্রা পথে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। শুধু তাই নয়, ১৫০ টাকার ভাড়া ৫০০ টাকা হলেও গাড়ি পাওয়া যাচ্ছে না। যে কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা। আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ডে এমন চিত্র দেখা গেছে। প্রতিটি বাসস্ট্যান্ডে শত শত যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ব্যাগ কাঁদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন। শেরপুরের যাত্রী আমিনুল সরকার বলেন, ‘ঢাকা থেকে সব বাসে যাত্রী ভরা। মাঝ রাস্তা থেকে একজন যাত্রীও নেয় না। ময়মনসিংহ পর্যন্ত ভাড়া ১৫০ টাকা। অথচ নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে, তবু গাড়ি নাই। ট্রাক-পিকআপ ভ্যানেও জায়গা নাই । মহসিন আলী নামে এক যাত্রী জানান, একটি কারখানায় তিনি ও তার স্ত্রী চাকরি করেন। কারখানা ছুটি হওয়ার পরপরই বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি আর কত সময় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ জানেন।
পিকআপের এক চালক জানান, আমরা সিরাজগঞ্জের যাত্রী নিচ্ছি মাথাপিছু ৪০০ টাকা করে। বাসের ভাড়া ৬০০ টাকা। তাই অনেক যাত্রীরা পিকআপে উঠছে। আমাদের কেউ যাত্রী নিতে বাধা দেয় না। এখানে কিছু লোক আছে তারা আমাদের যাত্রী তুলে দেয়। বিনিময়ে তাদের ২০০ থেকে ৩০০ টাকা দিতে হচ্ছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, মঙ্গলবার গাজীপুরের অবশিষ্ট ৬০ শতাংশ শিল্পকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সড়কে অনেক যাত্রী। পরিবহন সংকট বলা যাবে না। একসঙ্গে অনেক যাত্রী বিভিন্ন বাসস্ট্যান্ডে আসার কারণে এমনটি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।
প্রতিবেদকের নাম 



















