
রাঙ্গামাটি প্রতিনিধি: দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে সচেতনতামূলক আলোচনা ও প্রচারণা পরিচালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
তিনি উপস্থিত ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জুমার খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে জনগণকে গণভোটের গুরুত্ব বোঝাবেন, গণভোট প্রদানে উৎসাহিত করবেন এবং যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তি থেকে মানুষকে দূরে রাখবেন।
তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বাস করে, আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সচেতন, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ গণভোট বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। তাঁরা গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 

















