
কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: রাজধানীর কোতয়ালী এলাকায় অবৈধ দখলমুক্ত করে ওয়াকফ সম্পত্তির ১৩ দশমিক ০৮ শতক জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের একটি বিশেষ অভিযানে এই জমি উদ্ধার করা হয়। অভিযানটি ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের বিচার শাখার অফিস আদেশের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কোতয়ালী রাজস্ব সার্কেলাধীন ঢাকা মৌজার সিটি-২১ নম্বর খতিয়ানের সিটি ৬০২ নম্বর দাগভুক্ত এই জমিটি দীর্ঘ দিন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। অভিযান শেষে উদ্ধার করা জমিটি যথাযথ আইনি প্রক্রিয়ায় ওয়াকফ প্রশাসকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ওয়াকফসহ সরকারি সম্পত্তি জনগণের সম্পদ।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে এসব সম্পত্তি দখল করে রাখতে পারবে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন ঢাকা সবসময় ওয়াকফ ও সরকারি সম্পত্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করতে সরকারের চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 
























