
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, বিকালে হাওয়াই ব্রিজ এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় অটোরিকশাগুলোর সাথে ওমর সানির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। কিন্তু সেখানে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার জানান- হাসপাতালে পৌঁছানোর আগেই ওই কিশোর মারা যায়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে মাত্র দুই মাস আগে ময়মনসিংহে বিয়ে করেছিল ওমর সানি। সোমবার দুপুরে স্ত্রীকে সেখানে রেখেই সে বাড়িতে ফেরে। বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মর্মান্তিক এই দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় এই কিশোর।
প্রতিবেদকের নাম 


















