
এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা
মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি এবং বিক্রির কোনো ভাউচার বা রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় বিসিআইসি সার ডিলার, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স সনজিত কুমার সাহা নামের একটি বিসিআইসি সার বিক্রয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। তদারকিতে দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার টিএসপি সার প্রতি বস্তা ২ হাজার ২০০ টাকায় এবং ১ হাজার ৫০ টাকার ডিএপি সার প্রতি বস্তা ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করলেও সংশ্লিষ্ট ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হয়নি এবং বিক্রির তথ্য রেজিস্টারেও লিপিবদ্ধ করা হয়নি। অভিযান চলাকালে দুই কৃষকের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত হন ভোক্তা অধিকার কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকার কৃষকদের স্বল্পমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করে। অথচ কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন, যা কৃষকদের সঙ্গে প্রতারণার শামিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















