
মান্দা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, বেগম খালেদা জিয়া গণধিকার গণতন্ত্র পরিষদ নওগাঁ জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ এম মুস্তাফিজুর রহমান ফিরোজ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা এবং যথাযথ ব্যবস্থাপনার বিকল্প নেই। দুর্যোগের আগে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য প্রতিটি পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় দুর্যোগকালীন করণীয়, নিরাপদে আশ্রয় গ্রহণ এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
প্রতিবেদকের নাম 


















