
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। এ সময় তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)। আজ শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীতে সংঘটিত ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের পরিকল্পনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল পিস্তলের আদলে তৈরি খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক। অভিযানের সময় ওই তিন বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















