
মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাকলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে সমাবেশে মেয়র ডা. শাহাদাত হোসেন নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি ও জননিরাপত্তা বিনষ্টের যে কোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের ষড়যন্ত্র করছেন। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করা হবে। তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য মোকাবিলায় সাংগঠনিক ঐক্যই বড় শক্তি। এজন্য সব পর্যায়ের নেতাকর্মীকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিবেদকের নাম 



















