
মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় উপজেলার ৯০ রশি বাসস্ট্যান্ড মোড়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দক্ষিণাঞ্চলের অবহেলিত এই জনপদে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একদল তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠছে হাসপাতালটি।
উদ্যোক্তাদের ভাষ্যমতে, হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ২৪ ঘণ্টা চিকিৎসকসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও পরিচালকেরা জানান, অবহেলিত এই জনপদের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তাঁরা আরও জানান, মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করবেন।
তরুণদের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মোড়েলগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 


















