
জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ঔষধ ও একটি পিকআপসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য প্রায় ৩২ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা সিলেটের একটি দল গত সোমবার গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারতীয় ঔষধ পিকআপযোগে সিলেট শহরের দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে একটি দল জৈন্তাপুর উপজেলার ৪নং ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটের দিকে একটি নীল রঙের ডিআই পিকআপ গাড়ি সেখানে পৌঁছালে পুলিশ থামানোর সংকেত দেয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন আশরাফুল আম্বিয়া (২৩) ও নাহিদ আহমেদ (২০)। তারা জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
পরে গাড়ি তল্লাশি করে ৯টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৪ লাখ ৫৩ হাজার ৬০০টি ভারতীয় DICLO-M ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঔষধের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৬৮ হাজার টাকা। এছাড়া ব্যবহৃত পিকআপ গাড়িটির মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে চোরাই পথে এসব ঔষধ এনে বিক্রয়ের উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার পুলিশ পাহারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 





















