
মোঃ শরিফ হোসেন ভোলা জেলা প্রতিনিধি: ০৩ জুলাই, ২০২৬ ভোলায় গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. নূরে আলমকে স্মরণ করেছে জেলা ছাত্রদল। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। এ উপলক্ষে ০৩ জুলাই ২০২৬, আসর বাদ ভোলা পাসপোর্ট অফিস-সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের পাশে নূরে আলমের কবর জিয়ারত করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল।
এ ছাড়া ভোলা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে মো. নূরে আলমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর রাজনৈতিক জীবন ও দলের জন্য অবদানের কথা স্মরণ করেন উপস্থিত নেতা-কর্মীরা। উল্লেখ্য, মো. নূরে আলম ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। গুলিতে নিহত হওয়ার পর থেকে প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করে আসছেন দলটির নেতা-কর্মীরা।
প্রতিবেদকের নাম 


















