
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা থেকে একটি শটগান, একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।রবিবার (৩০ আগস্ট) ভোর রাতে উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া এয়াকুব নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৩টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। সেখানে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের পাশে থাকা একটি বস্তা তল্লাশি করে একটি সচল শটগান, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, উদ্ধারকৃত শটগানটি গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র কি না এবং এসব অস্ত্রের মূল উৎস কোথায় তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















