
রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই টমটম ও অটো রিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে বুধবার ৮ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে সাধারণ ছাত্র জনতা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মৌলভীবাজার শহরে বর্তমানে কোনো জ্বালানি সংকট না থাকা সত্ত্বেও টমটম ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে শহরের বিভিন্ন রুটে ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চাঁদনীঘাট, চৌমুহনা পয়েন্ট, কুসুমবাগ চৌমুহনী, কোর্ট পয়েন্ট এবং বেরিরপাড় ৫ টাকার নির্ধারিত ভাড়া এখন ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করা হচ্ছে।
অনেক চালক দাবি করছেন যে গাড়ির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন।
কিছু চালক লাইনে দাঁড়িয়ে তেল বা গ্যাস সংগ্রহ করতে দীর্ঘ সময় অপচয় হওয়ার অজুহাতও দিচ্ছেন।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান মাসে এপ্রিল ২০২৬ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে জ্বালানি সংকটের যে দাবি চালকরা করছেন, তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।
কোনো পূর্ব ঘোষণা বা নির্দিষ্ট ভাড়া তালিকা ছাড়াই চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হচ্ছে এবং সন্ধ্যা নামলে এই ভাড়ার হার আরও বেড়ে যায়।
মৌলভীবাজার পৌরসভার নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকলেও তা কার্যকর হচ্ছে না এবং ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 



















