
বগুড়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৬ আসনে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এর অংশ হিসেবে বগুড়া কলেজ ভোটকেন্দ্রে ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল-স্ট্যাম্প, ভোটার তালিকাসহ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব উপকরণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করেছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল টিম কেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হবে এবং দিনব্যাপী ভোটগ্রহণ চলবে।
প্রতিবেদকের নাম 



















