
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খবির আহমেদ নামের ৫৫ বছর বয়সী এক স্কুলশিক্ষকের অকালমৃত্যু হয়েছে। তিনি উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। গত শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক রেহানা বেগম তাঁর স্ত্রী। পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত চার-পাঁচ দিন ধরে খবির আহমেদ তীব্র জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য কুমিল্লা সদরের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে তাঁর রক্তের প্লাটিলেট দ্রুত কমতে থাকে। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে চিকিৎসকের পরামর্শে শুক্রবার রাতে তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল এই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গুণী এই শিক্ষকের প্রয়াণে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর পার্শ্ববর্তী লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে নিজ বাড়িতে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
প্রতিবেদকের নাম 




















