
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধ:টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ডের অদূরে জুয়েলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিফা তার ফুপা আজমিরুলের মোটরসাইকেলে করে নাগরপুরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় আলিফা সড়কে পড়ে গেলে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের দাদা মো. আব্দুস সাত্তার জানান, বেড়াতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় তার নাতনি প্রাণ হারিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফুপা আজমিরুল ও সঙ্গে থাকা রত্না আক্তার আহত হয়েছেন। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের নাম 

















