
মো: বনি আমিন,মনপুরা উপজেলা প্রতিনিধি: ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের দূরদর্শী নেতৃত্ব ও বিগত ৬ মাসের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বইছে প্রশাংসার জোয়ার। অবহেলিত ও নদীবেষ্টিত মনপুরা উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও বিনোদনসহ নানা খাতে বিপুল পরিমাণ উন্নয়ন পরিকল্পনা ও উদ্যোগ ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। গত ছয় মাসে তাঁর গৃহীত অন্যতম প্রধান ও উল্লেখযোগ্য উন্নয়নমূলক পদক্ষেপসমূহ: যোগাযোগ ও অবকাঠামো: যাতায়াত ব্যবস্থা সহজ করতে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ডাবল লেনের রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া মনপুরার নদীপথে যোগাযোগের সুবিধার্থে ৪টি নতুন পন্টুন অনুমোদনের প্রক্রিয়া চলমান এবং গুরুত্বপূর্ণ কলাতলী–কাজিরচর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্য ও বিদ্যুৎ সেবা: মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং একটি নতুন অ্যাম্বুলেন্স অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বীপবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আওতায় আনতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আহ্বান করা হয়েছে টেন্ডার। শিক্ষা ও কারিগরি মানোন্নয়ন: মনপুরার ২টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি তরুণ প্রজন্মের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে একটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগর উন্নয়ন ও সামাজিক সুরক্ষা: মনপুরা সদরকে পৌরসভায় উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ও কৃষকদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের প্রক্রিয়াও বর্তমানে চলমান। কৃষি ও বিনোদন: জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদনের প্রসারে খাল খননের উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্রীড়া ও বিনোদনের জন্য একটি মিনি স্টেডিয়াম, দৃষ্টিনন্দন শিশু পার্ক এবং একটি আধুনিক ঈদগাহ ময়দান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসব উদ্যোগের পাশাপাশি মনপুরার যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে আরও বহু দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। মনপুরার এই উন্নয়ন রূপরেখা নিয়ে জানতে চাইলে মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর উদ্যোগের মাধ্যমে মনপুরা একদিন একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।” মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন,”আমাদের নেতা নূরুল ইসলাম নয়ন নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা কেবল মুখে নয় বাস্তবে রূপ দিচ্ছে, এবং আমরা আশাবাদী শুধু প্রতিশ্রুতি অংশ ই নয় বরং তার চেয়ে বেশি কিছু আমাদের নেতা করবেন। এবং জনগণকে একটি আধুনিক মনপুর উপহার দিবে।
প্রতিবেদকের নাম 



















