
মোঃ শরিফ হোসেন, ভোলা জেলা, প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (৩১ মে) রাত ১০টার দিকে চরফ্যাশন থানাধীন সামরাজ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার একটি বিশেষ দল সামরাজ মাছ ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন নদী থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩টি নিষিদ্ধ ট্রলিং জাল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অবৈধ বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
”দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল নির্মূলে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”
— লেঃ মোঃ আবুল কাশেম, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)।
প্রতিবেদকের নাম 



















