
এস এম আবুল কালাম আজাদ স্টাফ রিপোটার শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে কয়েকটি হিন্দু পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া ও বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্বপন হাওলাদারের বিরুদ্ধে। ১০ আগস্ট, সোমবার পরে প্রশাসন ও সাংবাদিকদের হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে বাঁশের বেড়া সরিয়ে যাতায়াতের পথ উন্মুক্ত করা হয়েছে। ঘটনাটি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ১২৩ ডি.এস. রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার। ভুক্তভোগীদের অভিযোগ, সহকারী শিক্ষিকা আলো রানি দাসসহ কয়েকটি পরিবারের বাড়িতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েন পরিবারগুলো। তাদের দাবি, বসতবাড়ি ও যাতায়াতের পথ দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের।
পরে বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের নজরে এলে তাদের হস্তক্ষেপে ঘটনাস্থল থেকে বেড়া সরিয়ে দেওয়া হয় এবং যাতায়াতের পথ উন্মুক্ত করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে স্বপন হাওলাদার বলেন, জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি। উভয় পক্ষকে বসে বিষয়টি সমাধানের কথা বলা হলেও তারা বসেননি। এ কারণে তিনি বেড়া দিয়েছিলেন। আগামী শুক্রবার থানায় উভয় পক্ষের বসার কথা রয়েছে বলেও জানান তিনি।এদিকে, জমির মালিকানা ও চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতিবেদকের নাম 



















