
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা
রোববার (১২ জুলাই) সকাল থেকে অবিরাম ভারী বর্ষণে কেরানীগঞ্জের জনি টাওয়ার থেকে কদমতলী পর্যন্ত প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির তীব্রতায় সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জনদুর্ভোগকে চরম পর্যায়ে নিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটি অংশজুড়ে হাঁটু সমান পানি জমে গেছে। পানির নিচে রাস্তা দৃশ্যমান না থাকায় রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষের কষ্টের সীমা নেই। যেকোনো সময় ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগের অভাবেই ভারী বর্ষণে সড়কটি দীর্ঘ সময় পানির নিচে আটকে থাকে। নিয়মিত এমন জলাবদ্ধতার কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে এবং সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।
প্রতিবেদকের নাম 



















