
জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্ট, ঢাকা: ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। পার্কের অভ্যন্তরে বৃক্ষমেলার আড়ালে বসানো অননুমোদিত বাণিজ্যিক মেলা সরাতে আজ রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ রবিবার (০৯ আগস্ট ২০২৬) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণের অনুমতি নিয়ে সেখানে অননুমোদিত বাণিজ্যিক মেলা বসানো হয়েছে। এর ফলে পার্কে নিয়মিত আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে তীব্র প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএসসিসির পক্ষ থেকে আজকের (রবিবার) রাতের মধ্যে মেলা সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে অননুমোদিত মেলার দোকানগুলো সরিয়ে না নিলে আগামীকাল কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করা হয়েছে। নগরবাসীর স্বস্তি ও জনস্বার্থ রক্ষা এবং ঢাকা সিটির উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর ও মুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
প্রতিবেদকের নাম 

























