
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নওগাঁ শহরের হোটেল আয়োজনের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আইবিডব্লিউএফ নওগাঁ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ মান্দা শাখার সেক্রেটারি আব্দুর রাকিব চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন আইবিডব্লিউএফ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা খন্দকার আব্দুর রাকিব, কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, রাজশাহী অঞ্চল সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও বগুড়া অঞ্চল সভাপতি মো. সেলিম রেজা।
সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলার বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা ও নারী ব্যবসায়ী অংশ নেন। এতে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যে সততা ও নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের সম্পৃক্ত করাই আইবিডব্লিউএফের অন্যতম লক্ষ্য। সম্মেলন শেষে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 



















