
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং যানজট সৃষ্টির অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দেবিদ্বার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, নিউমার্কেট এলাকার অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির গোপন অভিযোগের ভিত্তিতে মোট ১৫টি ফার্মেসিতে পরিদর্শন চালানো হয়। এর মধ্যে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার প্রমাণ মেলায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর প্রযোজ্য ধারায় প্রতিষ্ঠানগুলোকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২টি বাসকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক বিক্রির জন্য সঠিকভাবে রেজিস্টার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে যেকোনো ধরনের অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম। দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের গুণগত মান নিশ্চিতকরণ এবং সড়কে জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 



















