
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি দূরপাল্লার স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলেও সময়মতো নেমে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন সব যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কক্স পরিবহন’-এর একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জের রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছায়। এ সময় বাসটি সামনে থাকা অপর একটি যানবাহনকে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের গ্যাস সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বাসজুড়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নেমে পড়তে সক্ষম হন ভেতরের যাত্রীরা। আগুন লাগার দৃশ্য দেখে লোকজন দ্রুত সহায়তার জন্য এগিয়ে যান। বাসে প্রচণ্ড আগুন জ্বললেও যাত্রীরা নিরাপদে বের হতে পেরেছেন, তবে দূরপাল্লার বাহনটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও বাসের চালক ও স্টাফরা পালিয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদকের নাম 



















