
মোঃ আকরাম হোসেন, স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার বেকার ও চাকরিপ্রত্যাশী যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘জব ফেয়ার’ (চাকরি মেলা)। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দাদের কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে আয়োজিত এ মেলায় এসএসসি থেকে মাস্টার্স উত্তীর্ণ সকল যোগ্যতার প্রার্থীদের জন্য চাকরির সুযোগ থাকবে। এমনকি যেসব প্রার্থীর সরকারি চাকরির নির্ধারিত বয়সসীমা পার হয়ে গেছে, তারাও এ মেলায় অংশ নিয়ে আবেদন করার সুযোগ পাবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দিনব্যাপী সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে এবং ওই দিনই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মেলায় চাকরিপ্রাপ্তদের পদায়ন টাঙ্গাইল জেলার ভেতরে ও বাইরে উভয় স্থানেই হতে পারে। নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ শতভাগ স্বচ্ছতার মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করবে এবং এতে যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
মেলায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জনসেবা চত্বরের প্রবেশপথের দুই পাশে থাকা রেজিস্ট্রেশন বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ইন্টারভিউতে অংশ নেওয়ার সময় প্রার্থীদের অবশ্যই নিজ নিজ পূর্ণাঙ্গ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ এক বা একাধিক ফটোকপি সাথে আনতে হবে। টাঙ্গাইলের যোগ্য সকল চাকরিপ্রার্থীকে এই সুযোগ গ্রহণ করার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদকের নাম 


















