
জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
নগরীর কান্দিরপাড় ও তৎসংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত এই মোবাইল কোর্টের অভিযানে ফুটপাতে গ্যাস সিলিন্ডার বসিয়ে রান্না করার অপরাধে ‘সিটি রেস্টুরেন্ট’কে জরিমানা ও তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে নগরবাসীর নিরাপদ ও প্রতিবন্ধকতাহীন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই তদারকি অভিযান পরিচালিত হয়। কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনাকালে দেখা যায়, সিটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফুটপাতের ওপর সিলিন্ডার বসিয়ে রান্নার কাজ করাচ্ছিল, যা পথচারীদের অবাধ চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছিল। এই অপরাধে তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টটিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং রান্নার কাজে ব্যবহৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়। অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত অবৈধ দখল ও হকারমুক্ত রাখতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ ও মোবাইল কোর্টের কার্যক্রম নিয়মিত বজায় থাকবে।
প্রতিবেদকের নাম 



















