
এসকে শুভ গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কবরস্থান ও সংরক্ষিত সম্পত্তিতে অবৈধভাবে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন শেখ শহিদুল ইসলাম স্বপন নামে এক ব্যক্তি। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে দেওয়া আবেদনে তিনি অভিযোগ করেন, কাশিমপুর থানাধীন লোহাকৈর মৌজায় তাদের পারিবারিক সম্পত্তির একটি অংশে কবরস্থান রয়েছে। ওই সম্পত্তিতে তার নানা-নানী, মামা-মামীসহ স্বজনদের কবর রয়েছে। অভিযোগ, দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদীপক্ষ আবারও সেখানে শৌচাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
আবেদনে শরিফুল ইসলাম ও মো. সিদ্ধিকুর রহমানসহ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ২০১৯ সালের ১২ অক্টোবরও বিবাদীপক্ষ ওই কবরস্থান দখলের উদ্দেশ্যে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করেছিল। এ নিয়ে তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেন। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্মাণকাজ বন্ধ ছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ শহিদুল ইসলাম স্বপনের অভিযোগ, প্রায় সাত বছর পর তিনি এলাকায় না থাকার সুযোগে বিবাদীপক্ষ পুনরায় ওই অসমাপ্ত স্থাপনার নির্মাণকাজ শুরু করেছে। এতে পারিবারিক কবরস্থান ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। আবেদনে তিনি আরও উল্লেখ করেন, বিরোধপূর্ণ সম্পত্তির সঠিক অবস্থান ও পরিমাণ নির্ধারণে জরিপসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
এ অবস্থায় কবরস্থান ও বিরোধপূর্ণ সম্পত্তি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নির্মাণকাজ বন্ধ করা এবং বিবাদীদের বিরত রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।
প্রতিবেদকের নাম 



















