
স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জ: রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া আন্ডারপাস সংলগ্ন চার রাস্তার মোড় এখন যানজটের নরকে পরিণত হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে এলাকাটিতে প্রতিনিয়ত চলছে চরম বিশৃঙ্খলা। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়রা।সরেজমিনে বুধবার (১ জুলাই, ২০২৬) দেখা যায়, আন্ডারপাসের চার রাস্তার মোড়টিতে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নেই। সিগন্যাল অমান্য করে যে যার মতো গাড়ি চালিয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকছেন চালকরা। বিশেষ করে মোড়টির ওপর নিয়মবহির্ভূতভাবে সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলায় রাস্তার প্রশস্ততা অনেকখানি কমে গেছে। রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রাখায় সাধারণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, “এখানে ট্রাফিক ব্যবস্থাপনার কোনো বালাই নেই। চালকদের মধ্যে নেই কোনো শৃঙ্খলা। ইচ্ছামতো গাড়ি চালানোর ফলে মোড়টিতে সবসময় জট লেগে থাকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় আমাদের। রুগী বা জরুরি প্রয়োজনে কোনো গাড়ি নিয়ে বের হওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
ভুক্তভোগীরা আরও জানান, গুরুত্বপূর্ণ এই মোড়টিতে ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকায় অবৈধ স্ট্যান্ডের দৌরাত্ম্য বাড়ছেই। আইন-শৃঙ্খলার কোনো তদারকি না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ইকুরিয়া আন্ডারপাস এলাকায় স্থায়ী ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হোক এবং রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করা হোক।
এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 
























