
মাসুদ রানা মাসুম পার্বত্য ব্যুরো:
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৮ জুন) সকালে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরে একই স্মারকলিপির অনুলিপি জেলা পুলিশ সুপারের কাছেও হস্তান্তর করা হয়। তীব্র ক্ষোভ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অবিলম্বে প্রবীণ সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তিসহ সারাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা দিতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে জেলায় কর্মরত শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন: সুনীল কান্তি দে, সাবেক সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব।মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সিনিয়র সহ-সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব। মুহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক, রাঙামাটি প্রেস ক্লাব। সুশীল প্রসাদ, সভাপতি, রিপোর্টার্স ইউনিটি। এম কামাল উদ্দিন, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন।”সাংবাদিকদের কণ্ঠরোধ করে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। জীতেন বড়ুয়ার মতো সিনিয়র সাংবাদিককে অন্যায়ভাবে আটকে রাখা মুক্ত গণমাধ্যমের জন্য অশনিসংকেত।”
সোমবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সাংবাদিকরা দীর্ঘ সময় প্রধান সড়কে অবস্থান করেন এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি বন্ধের জোর দাবি জানান। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে জীতেন বড়ুয়াসহ সকল নিগৃহীত সাংবাদিকের মুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না হলে পাহাড় থেকে সমতল পর্যন্ত আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবেদকের নাম 



















