
বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:- ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার হযরতুলহাজ মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ সোহেল ও আলহাজ্ব আবুল কালাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান লোকমান, এমদাদ হোসেন, মোহাম্মদ আবু ইউসুফ, আবু সালে মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ লোকমান এবং তৌহিদুল আলম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ হোসাইন ফারুকী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ হাবিবুর রহমান, এমদাদ হোসেন এবং এমদাদুল হক মিলন প্রমুখ। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে ইউনুস সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দ.) পরিবেশন, দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের বক্তব্য এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয়।
পরবর্তীতে শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি জনাব মুহাম্মদ হাসান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃতকার্যদের পুরস্কৃত করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও কিয়াম শেষে সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং মোনাজাত পরিচালনার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি সুশৃঙ্খল, সুন্দর ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
প্রতিবেদকের নাম 




















