
এসকে শুভ, গাজীপুর জেলা প্রতিনিধি
গণঅভ্যুত্থান দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে হওয়ায় টানা অবকাশকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের দীর্ঘ সারি এবং যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ছুটি কাটাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন।
এতে ব্যক্তিগত গাড়ি, দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের দেখা দেয়।
যানজটের কারণে যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়। এতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ের তুলনায় কয়েক ঘণ্টা বেশি সময় নিয়ে গন্তব্যে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।
প্রতিবেদকের নাম 



















