
স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ায় চলমান খাল সংস্কার প্রকল্প যেন এলাকাবাসীর জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কার কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তার তোয়াক্কা না করায় রাস্তার নিচ থেকে মাটি সরে গিয়ে রাস্তাটি এখন শূন্যের ওপর ঝুলে আছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ধস ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ ১৩ জুলাই ২০২৬, সোমবার সকাল ১১:০০ ঘটিকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পাড় ঘেঁষে থাকা রাস্তাটির নিচের মাটি পুরোপুরি সরে গেছে। ফলে কংক্রিটের রাস্তাটি এখন শক্ত ভিত্তিহীন অবস্থায় শূন্যে ঝুলে রয়েছে। খাল সংস্কারের কাজ চলমান থাকলেও, রাস্তার সুরক্ষায় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এই ঝুঁকিপূর্ণ পথ দিয়েই শত শত মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার উন্নয়নের জন্য কাজ হওয়া প্রয়োজন, কিন্তু কাজের সময় জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি কেন অবহেলিত থাকবে? রাতে এই এলাকা দিয়ে চলাচল করা এখন রীতিমতো ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় রাস্তা ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় জননিরাপত্তা চরম হুমকির মুখে। তারা দ্রুত রাস্তাটির ঝুঁকিপূর্ণ অংশ বালু দিয়ে ভরাট করা অথবা নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি জানিয়েছেন। উন্নয়নের নামে জনদুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
প্রতিবেদকের নাম 
























